দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

পটুয়াখালীতে বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। ঢাক-ঢোলের তালে রঙিন সাজে সজ্জিত অংশগ্রহণকারীদের উপস্থিতিতে পুরো শহর উৎসবমুখর হয়ে ওঠে।
মঙ্গলবার (১৪ এপ্রিল) সকাল সাড়ে আটটায় জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি শুরু হয়। পরে এটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা পরিষদ শিশু পার্কে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রা শেষে জেলা প্রশাসনের উদ্যোগে তিনদিনব্যাপী লোকজ মেলার উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী এবং জেলা পরিষদের প্রশাসক স্নেহাংশু সরকার কুট্টি।
শোভাযাত্রায় সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষার্থী, সাংস্কৃতিক কর্মী, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
আয়োজনে গ্রামীণ ঐতিহ্যের নানা উপাদান, রঙিন মুখোশ, পুতুল এবং লোকজ সংস্কৃতির প্রতীকী উপস্থাপনা ছিল উল্লেখযোগ্য। শিক্ষার্থীরা বর-কনে, বাউল, বেহুলা-লক্ষিন্দর, কৃষক, জমিদার, রাধা-কৃষ্ণসহ বিভিন্ন চরিত্রে সেজে অংশ নেন, যা দর্শকদের আকর্ষণ করে।
শোভাযাত্রা শেষে আয়োজকরা বলেন, পহেলা বৈশাখ বাঙালির অসাম্প্রদায়িক চেতনা, ঐক্য ও সংস্কৃতির প্রতীক। এ ধরনের আয়োজন নতুন প্রজন্মকে ঐতিহ্যের সঙ্গে যুক্ত করে।
দিনব্যাপী শহরের বিভিন্ন স্থানে বৈশাখী মেলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও লোকজ খেলাধুলার আয়োজন করা হয়। এতে অংশ নেন বিভিন্ন বয়স ও পেশার মানুষ।
এমএস/